ব্লগার অভিজিত্ রায় হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের গ্রেপ্তার তিনজনের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আসামিদের এ রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।
রিমান্ড প্রাপ্তরা হলেন—হত্যার অন্যতম পরিকল্পনাকারী আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সরবরাহকারি তৌহিদুর রহমান (৫৮), অনলাইন কার্যক্রমের দায়িত্বে থাকা সক্রিয় সদস্য সাদেক আলী মিঠু (২৮) ও মো. আমিনুল মালিক (৩৫)।
এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফজলুর রহমান প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চান।
রিমান্ডের পক্ষে আদালতে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদল্লাহ আবু। তিনি বলেন, আসামিরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। এ হত্যার পরিকল্পনাকারী বলে এ হত্যাকাণ্ডে আর কারা জড়িত তাদের সম্পর্কে তথ্য জেনে তাদের গ্রেপ্তার করে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেয়া প্রয়োজন বলে দাবি করা হয়।
এ সময় তৌহিদুর রহমানের আইনজীবী এ এল এম কামাল উদ্দিন হাফিজ রিমান্ড বাতিল করে জামিন চান। শুনানিতে তিনি বলেন, গত ২৮ মে তৌহিদকে আটক করা হলেও সোমবার এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। সে বৃটিশ নাগরিক ও মানসিক ভারসাম্যহীন বলে তিনি উল্লেখ করেন। কোনো হত্যাকাণ্ডের সাথে সে জড়িত নয়।
এছাড়া অন্য দুই আসামির কোন আবেদন না থাকায় বিচারক তাদের কোন বক্তব্য আছে কি না তা চাইলে তারা বলেন, তাদের ধরে নিয়ে চোখ বেঁধে বর্বর নির্যাতন করা হয়েছে। গণমাধ্যমের সামনে বলার জন্য তাদের শিখিয়ে দেয়া হয়েছিল।