ব্যাংককে হামলা সংঘবদ্ধ চক্রের কাজ : পুলিশ

 
থাইল্যান্ডের পুলিশ প্রধান বলেছেন, ব্যাংককের বোমা হামলা এককভাবে চালানো হয়নি। এই হামলার পেছনে একটি সংঘবদ্ধ চক্র দায়ী। সোমবার মধ্য ব্যাংককে একটি মন্দিরের বাইরে মোটরসাইকেল বোমা হামলায় ২০ জন নিহত হন। খবর- এএফপির।
 
হলুদ টি-শার্ট পরা সন্দেহভাজন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে থাই পুলিশ। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে বিস্ফোরণের আগে ওই যুবক মন্দিরে তার ব্যাক-প্যাক রেখে চলে যায়।
 
থাই পুলিশ প্রধান সোমইয়ত পুনপানমুয়াং বলেছেন, সোমবারের বোমা হামলার পেছনে একাধিক ব্যক্তির হাত ছিল। তবে এর বেশি কিছু বলতে চাননি পুলিশ প্রধান।

পুনপানমুয়াং বলেন, তিনি নিশ্চিত হামলার সাথে থাই নাগরিক জড়িত ছিল। তবে হলুদ টি-শার্ট পরা যে যুবকটিকে হামলাকারী হিসাবে সন্দেহ করা হচ্ছে, সে থাই নাগরিক নাকি বিদেশী তা বলছে না পুলিশ।
 
প্রধানমন্ত্রী প্রায়ুথ সান-ওসা সন্দেহভাজন ওই যুবককে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বলেছেন, না হলে তাকে হয়তো মেরে ফেলা হতে হতে পারে।
 
হামলার দুদিন পরেই আজ বুধবার স্থানীয় সময় সকাল আটটার দিকে ব্রহ্মার মূর্তি সম্বলিত এরওয়ান মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। যদিও আজও মন্দির চত্বর থেকে একটি দেহাংশ উদ্ধার করা হয়েছে।