চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গণপিটুনিতে চার ‘ডাকাত’ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের বহনকারী ভ্যানচালক রুবেলকে (২৫) আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রহনপুর-ভোলাহাট সড়কের মহানন্দা নদীর উপর অবস্থিত মকরমপুর ব্রিজে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, সন্ধ্যায় বোয়ালিয়ার দিক থেকে একটি ভ্যানগাড়ীতে করে তারা যাচ্ছিলেন। এ সময় রহনপুর-ভোলাহাট সড়কের মহানন্দা ব্রিজের উপর পৌঁছলে এলাকাবাসী তাদের গতিবিধি দেখে সন্দেহ করে। পরে তারা অস্ত্র চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধরে তাদের গণপিটুনি দেয়।
গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও শিবগঞ্জ উপজেলার কর্ণখালি মির্জাপুর গ্রামের কালু মিয়ার ছেলে রাব্বানী (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। অজ্ঞাত তিনজনকে গুরুতর আহত অবস্থায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিত্সকরা তাদের মৃত বলে জানান। নিহতরা সকলেই সড়ক ডাকাতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানায়।