শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটের লৌহজং টার্নিংয়ের ডুবো চরে আটকা পড়েছে রো রো ফেরি আমনত শাহ। সহস্রাধিক যাত্রী ও ২২টি যান নিয়ে কাওড়াকান্দি যাওয়ার পথে আকস্মিক ডুবো চরে আটকে যায় ফেরিটি। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
রাত সাড়ে ১০টায় মাওয়াস্থ বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী যান চেষ্টা চালাচ্ছে। তবে হয়তো জোয়ারে বৃদ্ধির আগে এটি উদ্ধার সম্ভব হবে না।
এদিকে শিমুলিয়া ঘাটের একমাত্র রো রো ফেরি ঘাট বন্ধ হয়ে গেছে। পন্টুনের একটি ফিঙ্গার ভেঙ্গে যাওয়ায় ঘাটটি বন্ধ রাখা হয়েছে, চলছে মেরামত। তবে বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে মেরামত কাজ। ১নং ও ২নং ঘাট দিয়ে ছোট ও মাঝারী ফেরিগুলো পরাপার হচ্ছে।
ঘাটের দুদিকে শত শত যান পারাপারের অপেক্ষায় রয়েছে। আন্তঃজেলা বাসগুলো আসতে থাকায় এই লাইন ক্রমেই দীর্ঘ হচ্ছে।