রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হেদায়েত উল্লাহ আল মামুন ফার্সি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

 
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, রাবি শাখা ছাত্রলীগের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ ও ছাত্রলীগ কর্মী হীরকসহ বেশ কয়েকজন হেদায়েতকে শহীদুল্লাহ কলাভবনের সামনে ডেকে নিয়ে আসে। পরে ইতিহাস বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর উত্ত্যক্তের অভিযোগ এনে মারধর করে।
 

হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, এক ছোট ভাইয়ের কাছ থেকে ওই মেয়ের টেলিফোন নম্বর নিয়ে যোগাযোগের চেষ্টা করেছিলাম। এ ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তাকে মারধর করা হয়েছে স্বীকার করে বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলে তিনি জানান।