বাকেরগঞ্জের খয়রাবাদের বালিগ্রাম তিন রাস্তার মোড়ে ফয়সাল রহমান প্রিন্স (২৫) নামে এক যুবক ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে এ ঘটনার শিকার হন তিনি।
জানা গেছে, তিন রাস্তার মোড়ে ওত্ঁপেতে থাকা কতিপয় ছিনতাইকারী গতিরোধ করে তার মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাথা থেতলে দেয়।
বুধবার ভোরে বাকেরগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতাহালের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ উদ্দিন জানান, এ ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন খুনের সাথে জড়িত এবং অপর তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মোঃ নুরুল ইসলাম মামলা দায়ের করবেন বলে থানা পুলিশ জানায়।
স্থানীয়রা জানায়, ছিনতাইকারীরা মূলত বরগুনার স্থায়ী বাসিন্দা। তারা ঐ এলাকায় বেশ কয়েকদিন পর্যন্ত গভীর নলকূপ খননের কাজে নিয়োজিত ছিল।
ইত্তেফাক/এএম