তুরস্কে বোমা হামলা ও বন্দুকযুদ্ধে ১২ সৈন্য নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিরতে একটি মহাসড়কে বোমা হামলায় সেনাবাহিনীর ৮ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ৭ জন। বুধবার সেনাবাহিনীর একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই হামলা হয়। এছাড়া দিয়ারবাকির প্রদেশে বন্দুকযুদ্ধে আরও ৪ সৈন্য নিহত হয়েছে। খবর বিবিসি’র।
 
একই দিনে ইস্তাম্বুলে পর্যটকদের অন্যতম আকর্ষণ ডোমবায়াশি প্যালাসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের ওপর হামলা চালানো হয়। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে ৪ জনকে স্বয়ংক্রিয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এই প্যালেসের কাছেই প্রধানমন্ত্রীর বাসভবন। গোলাগুলির সময় প্রধানমন্ত্রী আনকারাতে ছিলেন। এই ঘটনা দুটির দায় কেউ স্বীকার করেনি। তবে সেনাবাহিনী কুর্দিশ পিকেকে জঙ্গিদের দায়ী করছে।