ড্রাগ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই ইউনানী ওষুধ তৈরি করে বাজারজাত করার অপরাধে মেহেরপুরের গাংনী শহরের হাকিম মুজিবর রহমানকে এক বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর একটার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ্জ-জোহরা এই আদেশ দেন।
ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ্জ-জোহরা জানান, গাংনী শহরে দি মুজিব ঔষধালায়ের সত্ত্বাধিকারী হামিক মুজিবনগর রহমান নিজ বাড়িতে ইউনানী-আয়ুর্বেদি ওষুধ তৈরি করে বাজারজাত করেন। কিন্তু অভিযানে ওষুধ তৈরি ও বিক্রির কোন সনদপত্র পাওয়া যায়নি। ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এসময় কিছু ওষুধ জব্দ ও ওষুধ তৈরির কারখানা সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানান গাংনী থানার ওসি।