লক্ষ্মীপুরে দুই ডাকাতকে গণপিটুনি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতিকালে দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আহত অবস্থায় মো. হাসান ও সুমনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে চন্দ্রগঞ্জের শাহী সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ জনের ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় স্থানীয়রা তাদের আটক করার চেষ্টা করে। ডাকাত হাসান ও সুমনকে আটক করে গণপিটুনি দেয়।বাকি ডাকাতরা পালিয়ে যায়। পুলিশকে খবর পেয়ে আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে হাসানের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আহতরা হলো, পিয়ারাপুরের শাহজাহান মিয়ার ছেলে হাসান ও পৌরসভার বাঞ্চানগরের মোস্তাফিজুর রহমানের ছেলে সুমন।
 
লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গণপিটুনি দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে ।