ঢাকায় তৃতীয়বারের মতো শিশু-কিশোর বিজ্ঞান উৎসব শুরু হচ্ছে শুক্রবার। শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর দক্ষ করে তোলার লক্ষ্যে ‘শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৫’ শীর্ষক দুই দিনের এ আয়োজনের পর্দা নামবে শনিবার। বুধবার ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) আয়োজনে এবং বাংলাদেশ বিজ্ঞান যাদুঘরের সহযোগিতায় ঢাকার আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হবে এই উৎসব। এতে সহযোগিতা করবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। উৎসবটির নলেজ পার্টনার হিসেবে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সংবাদ সম্মেলনে উৎসবের নানা বিষয় তুলে ধরেন কংগ্রেসের আহ্বায়ক ড. মো. নূরুজ্জামান খান। তিনি বলেন, বিজ্ঞান শিক্ষার্থীদের বৈজ্ঞানিক পদ্ধতির ওপর আগ্রহী করে তোলা দরকার। শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর আগ্রহী করে তুলতে আয়োজন করা হয়েছে শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, এসপিএসবি’র সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদীসহ অনেকে।
আয়োজকেরা জানান, গত দুই বছর ধরে চলছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ও বিজ্ঞান ক্যাম্প। সারা দেশের খুদে বিজ্ঞানীদের নিয়ে আয়োজন করা হয়েছে এই উৎসবের। এটি কোন প্রতিযোগীতা নয়, দুই দিনের আয়োজন নিয়েই একটি উৎসব। দেশে বর্তমানে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। এজন্য দরকার বৈজ্ঞানিক পদ্ধতির ওপর শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। আর সে লক্ষ্যেই এমন আয়োজন।
তিনটি ক্যাটাগরিতে এই কংগ্রেস অনুষ্ঠিত হবে। এগুলো হলো প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী), জুনিয়র (ষষ্ঠ হতে অষ্টম শ্রেণী), সিনিয়র (নবম থেকে দ্বাদশ)।
তিনটি গ্রুপে তিনটি বিষয় প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় তিনটি (ক) পোস্টার প্রদর্শন, (খ) প্রকল্প প্রদর্শন, (গ) বিজ্ঞান নিবন্ধ উপস্থাপন। অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক নানা প্রকল্প ও পোস্টার প্রদর্শনী, নিবন্ধ উপস্থাপনের পাশাপাশি নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনা করা হবে।
কংগ্রেস উপলক্ষ্যে বিশেষ বাছাই পর্বে ৩টি ক্যাটাগরিতে ৩টি বিষয়ে ব্যক্তিগত ও দলীয়ভাবে প্রায় ১২৫০ জন শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধনকৃতদের মধ্য থেকে বিজ্ঞান প্রকল্প ১১১টি, বিজ্ঞান পেপার ৫৬টি ও পোস্টার ৪৫টি নির্বাচন করা হয় চূড়ান্ত পর্বের জন্য।
কংগ্রেস থেকে সেরা ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ঢাকায় আয়োজন করা হবে তৃতীয় জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প। এছাড়া দুইদিনের এ আয়োজনে থাকবে প্রকল্প ও পোস্টার প্রদর্শনী, নিবন্ধ উপস্থাপনের পাশাপাশি নেটওয়ার্কিং কার্যক্রম, যৌথ কংগ্রেস, বিজ্ঞান বইয়ের মেলাসহ থাকবে নানা আয়োজন। দ্বিতীয় দিন পুরস্কার বিতরনীর মাধ্যমে শেষ হবে এবারের কংগ্রেস। সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং এসপিএসবির সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত থাকবেন।
বিস্তারিত : www.cscongress.org ঠিকানায়।