ক্যালেইসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ফরাসি সরকারি কর্মকর্তা এবং যুক্তরাজ্যের সীমান্ত বাহিনীকে নিয়ে একসাথে কাজ করবে ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। খবর বিবিসির।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্যালেইস উত্তর ফ্রান্স এবং ইংলিশ চ্যানেলের মধ্যে অভিবাসী পাচার করতে অপরাধী চক্রের প্রধান কেন্দ্র। এখান থেকেই তারা পাচার কার্যক্রম পরিচালনা করে।
এ দিকে দুই দেশের মধ্যে নতুন করে যে উদ্যোগ নেয়া হচ্ছে সেখানে দেশ দুইটির দুইজন সরকারি কর্মকর্তা নেতৃত্ব দেবেন। তবে তারা তাদের প্রতিবেদন নিজ নিজ সরকারের কাছে জমা দিবেন। এ পদক্ষেপের মধ্য দিয়ে দুই দেশের আন্তঃসহযোগিতার ক্ষেত্র আরো প্রশস্ত হল।
এর আগে চলমান অবৈধ অভিবাসী সমস্যা মোকাবিলায় দুইদেশের মধ্যে যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, নতুন পদক্ষেপটি তারই একটি ধারাবাহিকতা মাত্র। ব্রিটিশ ও ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী যথাক্রমে তেরেসা মে এবং বার্নার্ড ক্যাজেনুয়েভ পরবর্তীতে নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন।