ফের অর্থনৈতিক মন্দায় জাপান

 
নতুন করে অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে জাপান।  বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটি মোট দেশজ উত্পাদন (জিডিপি) কমার খবর জানিয়েছে। খবর বিবিসির।
 
জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয় প্রাথমিকভাবে বলেছে, চলতি বছরের প্রথম তিন মাসের চেয়ে এপ্রিল ও জুন প্রান্তিকে দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি কমেছে। তিন ধাপে অর্জিত জিডিপি হ্রাসের হার বছরে প্রত্যাশিত প্রবৃদ্ধির চেয়ে ১ দশমিক ৬ শতাংশ কম।  এর আগে গত বছর জুলাই থেকে সেপ্টেম্বরে জিডিপির প্রত্যাশিত প্রবৃদ্ধি ২ দশমিক ১-এর চেয়ে কম ছিল। ২০১১ সালের ভূমিকম্প এবং সুনামির পর থেকে জাপানের জিডিপি কমছে।
 
জাপানের অর্থনীতি ও পূর্নবাসন মন্ত্রী আকিরা আমারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভোগ্য ও নিত্যপন্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এর সঙ্গে বেতনের সামঞ্জস্য ছিল না। যার কারণে আমরা জিডিপির কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছর রপ্তানির পরিমাণ কমেছে। এছাড়া খারাপ আবহাওয়া অর্থনীতিতে মন্দার জন্য দায়ী। তবে তিনি বলেন, জুলাই ও অগাস্টে গ্রীষ্মের তাপদাহে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিক্রি বেড়েছে, যে কারণে বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আমরা অর্থনীতিকে চাঙ্গা করতে পারব।
 
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচের এক সংবাদে বলা হয়, গত সাত মাসে কার-গাড়ি বাজারে মন্দা ছিল। একইসঙ্গে দেশটির অভ্যন্তরীন খুচরা বাজারে বিক্রির পরিমাণ দশমিক ৮ শতাংশ কমেছে।