রিয়ালের পরবর্তী কোচ জিদান!

 
কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে ইতিমধ্যেই কোচের দায়িত্ব পালন করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন কিংবদন্তী জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের ফুটবল ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এখন রয়েছেন রিয়ালের ‘বি’ দলের দায়িত্বে। তিনি এবার মূল দলেরই কোচ হচ্ছেন! এমনটাই মনে করছেন, সাবেক ফ্রেঞ্চ মিডফিল্ডার এবং বর্তমানে গিনি জাতীয় দলের কোচ লুইজ ফার্নান্দেজ।
 
রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা উপহার দিলেও গত মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেননি কার্লো আনচেলত্তি। যে কারণে গত মে মাসে বরখাস্ত হন আনচেলত্তি। তারই পরিবর্তে রিয়ালের দায়িত্বে আসেন রাফায়েল বেনিতেজ। স্প্যানিশ এই কোচের পরই রিয়ালের দায়িত্ব জিদানের ঘাড়ে আসতে পারে বলে মনে করছেন ফার্নান্দেজ।
 
স্প্যানিশ লা লিগার সঙ্গে ২০০২ সালে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন জিদান। ফুটবল ছেড়ে দেয়ার পর কোচিংয়ে মনোনিবেশ করেন তিনি। শেষ পর্যন্ত রিয়ালেই ফিরে আসেন এবং আনচেলত্তির সহকারী হিসেবে দায়িত্ব নেন।
 
আর লুইস ফার্নান্দেজ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাথলেটিক বিলবাও, এস্পানিওল এবং রিয়াল বেটিসের। এখন তিনি রয়েছেন গিনি জাতীয় দলের কোচ হিসেবে। জিদানকে যখন আনচেলত্তির সহকারী হিসেবে দায়িত্ব দেয়া হয়, তখন ফার্নান্দেজ প্রথমে খুব হতাশ হয়েছিলেন। পরে অবশ্য অনুধাবন করেন, রিয়ালই জিদানকে ধীরে ধীরে কোচ হিসেবে গড়ে তুলতে চাচ্ছে।
 

অমনিস্পোর্টসের সঙ্গে এক সাক্ষাত্কারে ফার্নান্দেজ বলেন, ‘আমি আনচেলত্তিকে রাখার পক্ষে ছিলাম। তার হাত ধরেই লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) জেতে রিয়াল। তাকে কোচের পদ থেকে সরিয়ে দেয়ায় আমি খুবই হতাশ হই। তার সঙ্গে বেনিতেজের কৌশলে কোনো মিল নেই। তাই আমি মনে করি, রিয়ালের পরবর্তী কোচ হতে যাচ্ছেন জিদান।