শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বিজ্ঞান শিক্ষা উন্নয়নের প্রচেষ্টা হিসাবে সরকার ছাত্রদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন ধরনের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।’
বৃহস্পতিবার বাংলাদেশ জুনিয়র সাইন্স অলিম্পিয়াড-২০১৫ এর সমাপনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এসব উদ্যোগের অংশ হিসাবে এসএসসি পরীক্ষায় খারাপ ফলাফল করা ৮০০০ স্কুলকে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য এসব স্কুলে অংক ও ইংরেজীতে প্রায় ১১.৫ লাখ অতিরিক্ত ক্লাস নেয়া হয়েছে।’
ঢাকায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের মিলনায়তনে সোসাইটি ফর সাইন্স পপুলারাইজেশন ইন বাংলাদেশ এবং বাংলাদেশে ফ্রিডম ফাউন্ডেশন যৌথভাবে এই সাইন্স অলিম্পিয়াডের আয়োজন করে। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর স্বপন কুমার ঢালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নাহিদ বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী বিজ্ঞান গ্রুপে পড়া শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে।’