৬ মাসে রবির রাজস্ব ও গ্রাহক বেড়েছে

 
বছরের প্রথম ছয় মাসে মোবাইল ফোন অপারেটর রবির রাজস্ব ও গ্রাহক দুটিই বেড়েছে। মানসম্মত নেটওয়ার্ক ও গ্রাহকবান্ধব সেবার জন্য এ দুটি বেড়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
 
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে এক সাংবাদিক সম্মেলনে রবির চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) ব্যবসায়িক ফলাফল তুলে ধরেন চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে রবির গ্রাহক সংখ্যা ২১ লাখ বেড়ে ২ কোটি ৭৪ লাখে পৌঁছেছে। যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যার ২১ দশমিক ৬ শতাংশ। এই সময়ে কোম্পানির রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সারা দেশে সর্বোচ্চ মানের ইন্টারনেট সেবা প্রদানের ফলে ইন্টারনেট থেকে রাজস্ব প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা ১২৮ শতাংশেরও বেশি। ৩.৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে বড় অংকের বিনিয়োগ এবং ৩.৫জি সেবা ব্যবহারে উত্সাহিত করতে গ্রাহকদের জন্যে বিভিন্ন উদ্ভাবনী প্যাকেজ অফারের কারণে ইন্টারনেট থেকে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। 
 
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ এবং চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) ইয়াপ উই ইপ ও ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন) ইকরাম কবীর। রবির চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘ইন্টারনেট ডট ওআরজি’র মাধ্যমে রবি গ্রাহকদের বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করছে। এ সেবা গণমানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার যে প্রতিশ্রুতি আমাদের ছিল, তা বাস্তবে পরিণত হয়েছে।’