সংসদে বিতর্কিত বক্তব্যের জেরে রামগড়ে নারী এমপির কুশপুত্তলিকা দাহ

সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা সংসদে বিতর্কিত বক্তব্যের অভিযোগে খাগড়াছড়ির রামগড়ে বুধবার এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা অভিযোগ করে বলেন,  আওয়ামী লীগের ছদ্মবেশে পার্বত্য চট্টগ্রামকে ‘স্বাধীন জুম্ম ল্যান্ড’ করার চক্রান্তকারীদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তিনি সংসদে বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তার এ মিথ্যা বানোয়াট বক্তব্য দেশে বিদেশে বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য এলাকার বাঙ্গালী অধিবাসীদের ভাবমূর্তি নষ্ট করার একটি অপকৌশল। 

সমাবেশ থেকে বাসন্তী চাকমাকে সংসদ সদস্যের পদ ও আওয়ামী লীগ থেকে দ্রুত অপসারণসহ চার দফা দাবি জানানো হয়। বুধবার সকালে রামগড় পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ শাহজাহান কাজী রিপনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। 

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুল মজিদের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রামগড় পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ শাহজাহান কাজী রিপন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভারপ্রাপ্ত রামগড় উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. রফিকুল আলম কামাল, পার্বত্য বাঙ্গালী অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. মাঈন উদ্দিন, বাঙ্গালী ছাত্র পরিষদের মাটিরাঙ্গার সভাপতি মো. কাওসার হোসেন, পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোকতাদির হোসেন প্রমুখ। 

আরো পড়ুন: বিশ্বে সবচেয়ে বায়ু দূষিত দেশের তালিকায় প্রথম বাংলাদেশ

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা এমপি বাসন্তী চাকমার কুশপুত্তলিকা দাহ করে। পরে রামগড় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বাসন্তী চাকমাকে সংসদ সদস্যের পদ ও আওয়ামী লীগ থেকে অপসারণসহ চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবরে প্রদান করা হয়। 

ইত্তেফাক/অনি