রাজধানীর কাওরান বাজারে স্থাপিত বাঘের ভাস্কর্যটি উল্টে গিয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। নিহতের নাম পুলিশ জানাতে পারেনি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বাঘের ভাস্কর্যটি ভিত্তি থেকে খুলে গিয়ে কাত হয়ে পড়ে। এ সময় পাশে থাকা এক ভ্যানচালক ওই বাঘের নিচে চাপা পড়েন।
ভাস্কর্যের নিচ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা। হাসপাতালের চিকিৎসক ভ্যান চালককে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার ওসি ইকবাল হোসেন বলেন, ভ্যানগাড়িটি বাঘের ভাস্কর্যের পাশে ছিল। তবে ওই ব্যক্তি ঘুমিয়ে ছিলেন, না বৃষ্টির কারণে দাঁড়িয়ে ছিলেন নিশ্চিত নয়।