মহালছড়িতে স্বামীর রহস্যজনক মৃত্যু

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত. মো. আলম (৪৫) লেমুছড়ি শান্তিপুর গ্রামের মৃত শাহাজ উদ্দিন মুন্সির ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন বৃহস্পতিবার পারিবারিক কলহের জের ধরে স্বামী মো. আলম ও স্ত্রী আশিয়া বেগমের (৪০) মধ্যে ঝগড়া হয়। এ সময় আলম  স্ত্রী আশিয়াকে বাড়ি থেকে বের করে দেয়। আশিয়া কয়েকবার বাড়িতে ঢুকতে চাইলেও স্বামী বাড়ির দরজা বন্ধ করে রাখে।স্বামী ঘরের দরজা খুলে না দেয়ায় আশিয়া একই গ্রামের পাশ্ববর্তী টিলায় বাপের বাড়ি গিয়ে রাত্রি যাপন করেন। পরদিন শুক্রবার ভোর ছয়টায় ওই বাড়িতে কোনো সাড়া শব্দ না পাওয়ায় প্রতিবেশীরা ঘরের দরজা খুলে ভিতরে গিয়ে আলমের ঝুলন্ত লাশ দেখতে পায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
 
স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা, আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক। কারণ হিসেবে বলেন, যারা আলমের ঘরে প্রথমেই ঢুকেছে তারা দরজা বাইরে থেকে বন্ধ ছিল বলে জানান। যদি ঘটনাটি আত্মহত্যা হতো তাহলে ভিতর থেকে দরজা বন্ধ থাকাটা স্বাভাবিক মনে হতো।
 
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমায়ূন কবির চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে রহস্য উদঘাটন হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।