সরাইলে ট্রাকসহ ৬৯ কেজি গাঁজা জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৬৯ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক হয়েছেন। এ সময় পাচার কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। আটক মো. সুমন মিয়া (২৭) জেলার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা গ্রামের বাসিন্দা ।
 
বৃহস্পতিবার উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এ অভিযান চালায়।
 
র‌্যাব জানায়, রাত সোয়া ১০টার দিকে ওই মহাসড়কের শাহবাজপুর এলাকায় গাঁজাবাহী ট্রাকটিকে থামার সঙ্কেত দিলে দুই পাচারকারী ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে এতে গাঁজা পাওয়া যায়। এ সময় গাঁজাসহ ট্রাকটি জব্দ করে একজনকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব বিজয়নগর থানায় মামলা করেছে।