১০ দিনের মধ্যে ফের হুমকির চিঠি আন্না হাজারেকে

 
মাত্র ১০ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হুমকির চিঠি পেয়েছেন ভারতের সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে। শেষ চিঠিটি পাওয়া পর শুক্রবার বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। খবর এনডিটিভির।
 
আন্না হাজারের সহযোগী দত্ত আওয়ারি পার্নের থেকে বার্তা সংস্থা পিটিআইকে টেলিফোনে বলেন, ‘চিঠিটিতে লাতুর জেলার মাহাদেও পাঞ্চল নামের একজনের নাম উল্লেখ আছে এবং  ওসমানাবাদ থেকে পাঠানো হয়েছে।’
 
একজন পুলিশ কর্মকর্তা জানান, হুমকির চিঠির বিষয়ে অভিযোগ পাওয়ার পর আহমেদনগর জেলার পার্নার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, চিঠিতে ৭ আগস্টের তারিখ দেয়া আছে এবং বেশিরভাগটা ইংরেজীতে লেখা। এতে আন্না হাজারেকে হুমকি দিয়ে বলা হয়েছে, তিনি জাতীয়তাবাদী নরেন্দ্র ধবলকারের পরিণতির মুখোমুখি হবেন, যাকে দুই বছর আগে পুনেতে হত্যা করা হয়েছিল।
 
উল্লেখ্য, মাত্র ১০ দিন আগে আন্না হাজারে হুমকি সম্বলিত আরেকটি চিঠি পান যাতে বলা হয়েছিল, তিনি যদি দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সম্পর্ক ছেদ না করেন, তাহলে তাকে ‘শেষ করে দেয়া’ হবে।