কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা নিখোঁজ: সংবাদ সম্মেলনে পরিবার

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু ও সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজসহ তিনজনকে র‌্যাব ঢাকার গাজীপুর থেকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
শুক্রবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সবুজের পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ওই দুই নেতাকে গ্রেফতার বা আটকের কথা স্বীকার করা হচ্ছে না।
 
সংবাদ সম্মলেনে তাদের দাবি, কোন অপরাধ করলে তাদের আইনের হাতে সোপর্দ করা হোক।
 
সবুজের মা শাহিদা খাতুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব অভিযান চালিয়ে গাজীপুর এলাকার ড্রিম স্কয়ার রিসোর্ট থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ ও লাবুসহ তিনজনকে আটক করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
 
সবুজের স্ত্রী ফেরদৌস জিনিয়ার দাবি, সবুজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি কোন অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হোক। এ সময় সবুজের পিতা শেখ কাইজার হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এদিকে গাজীপুর জেলার মওনা এলাকার ড্রিম স্কয়ার রিসোর্টের ম্যানেজার শিমুল ওই দুই নেতাকে র‌্যাব ধরে নিয়ে গেছে বলে সংবাদ সম্মেলনে জানান।
 
কুষ্টিয়া র‌্যাব-১২ ইউনিটের কমান্ডার জানান, সবুজ ও লাবুকে আটক বা গ্রেফতারের খবর তার জানা নেই। 
 
উল্লেখ্য, জাতীয় শোক দিবসে কুষ্টিয়ায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোমিনুর রহমান মোমিজ ও স্বেচ্ছাসেবক লীগের বিবাদমান দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবলীগ কর্মী সবুজ হোসেন (২৩) নিহত হন। ওই হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা লাবু ও সবুজসহ ২০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে লাবু, সবুজ ও আওয়ামী লীগ মোমিনুর রহমান মোমিজ আত্মগোপন করেন।