২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের চারটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করা রিটে চারটি কেন্দ্রের ফলাফল স্থগিত করে আদালত। দীর্ঘদিন পর আদালতের নির্দেশে বুধবার স্থগিতকৃত কেন্দ্র গুলোতে ভোট গ্রহণ করা হয়েছে। এখন চলছে গণনা।
চরআড়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুজ্জামান সরকার (নৌকা) ও হাসানুজ্জামান হাসান (ধানের শীষ)।
পুনঃভোট গ্রহণ করা কেন্দ্র গুলো হলো, ৬নং ওয়ার্ডের বাতাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ৭নং ওয়ার্ডের বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ৮নং ওয়ার্ডের খামারপাড়া মাদ্রাসা কেন্দ্র এবং ৯নং ওয়ার্ডের বটতলী খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামে বলেন, ভোটারগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন।
আরো পড়ুন: বিমানবন্দরে স্ক্যানার এড়িয়ে গেল কাঞ্চনের পিস্তল, বরখাস্ত একজন
উল্লেখ্য, এ উপজেলায় ২০১৬ সালের মে মাসে ইউপি নির্বাচনে ২৪টি ইউনিয়নের মধ্যে মামলা সংক্রান্ত কারণে চানপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ায় বাকী ২৩টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। উক্ত নির্বাচনে চরআড়ালিয়া ইউনিয়নের চারটি কেন্দ্রে শতভাগ ভোট পড়ায় হাই কোর্টে রিট করেন ধানের শীষের মনোনীত চেয়ারম্যান প্রার্থী।
ইত্তেফাক/অনি