বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির দাবি অনেক দিনের। সেই দাবিতে এবার যোগ দিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন। তার মতে, ‘অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি ঘটলে, প্রতিযোগিতাটির জনপ্রিয়তা আরও বাড়বে।’
২০১২ সালে লন্ডন অলিম্পিকে মোট ২৬টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। কিন্তু সেখানে ছিল না ক্রিকেট। প্রতি বারের ন্যায় সেবারও ক্রিকেটকে বাদ দেয়া হয় প্রতিযোগিতার তালিকা থেকে। কিন্তু বেশ কিছুদিন যাবত জোরালো দাবি উঠেছে- অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি করার জন্য। সেই দলে আছেন অনেক নামকরা সাবেক খেলোয়াড়রা। বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির কথা জানান- দক্ষিণ আফ্রিকার শন পোলক, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ভারতের সৌরভ গাঙ্গুলি ছাড়া আরো অনেকে।
এবার তাদের দলে যোগ দিলেন ইসিবি’র প্রধান নির্বাহী টম হ্যারিসন। তিনি বলেন, ‘এটা শুধুমাত্র সাবেক বা বর্তমান খেলোয়াড়দের দাবিই না। এটা বোর্ডের কর্মকর্তাদেরও দাবি না। এটা সকলের দাবি, এটা ক্রিকেটানুরাগীদের দাবি। অলিম্পিকের বড় আসরে ক্রিকেটের অর্ন্তভূক্তি জরুরি। তাতে ক্রিকেটের জনপ্রিয়তা অনেকাংশে বেড়ে যাবে। এই বিষয়টি অলিম্পিক কমিটিকে ভালোভাবে ভাবতে হবে।’
১৯০০ সালে প্যারিসে গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় প্রথম ও শেষবারের মত ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিলো। এরপর থেকে আর কোন আসরেই ব্যাট-বলের লড়াই দেখেনি পুরো বিশ্ব। ২০১৬ সালে ব্রাজিলে রিও ডি জেনিরোতে অলিম্পিকের পরবর্তী আসরেও দেখা যাবে না ক্রিকেটকে।