ভোলায় ৮ জেলেকে জেল-জরিমানা

ভোলার তজুমদ্দিনের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ৮ জেলেকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে কারাদণ্ড ও একজনকে অর্থ দণ্ড প্রদান করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, বুধবার সকালে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড দুই মাসের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় মির্জাকালু মেঘনা মোহনা থেকে অবৈধ বেহুন্দি জালসহ ৮ জেলেকে আটক করা হয়।

দুপুরে তজুমদ্দিনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। 

আরো পড়ুন: বিমানবন্দরে স্ক্যানার এড়িয়ে গেল কাঞ্চনের পিস্তল, বরখাস্ত একজন

সাজাপ্রাপ্তরা হলেন, নুর উদ্দিন (২৭), মো. আলমগীর (৩০), মো. সবুজ (২৩), মো. সফিজল (২৮), মো. মোসলেহ উদ্দিন (৩২), মো. শামীম (২০), মো. রিপন (২১) ও অর্থদণ্ড প্রাপ্ত মো. শাহিন (১৬)। এদের বাড়ি সোনাপুর ও হাসান নগর ইউনিয়নে। 

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম এ মমিন বলেন, আটককৃত জাল শশীগঞ্জ স্লুইজঘাটে আগুনে পুড়ে নষ্ট করা হয়েছে এবং দুই মন ছোট মাছ গরীবের মাঝে বিতরণ করা হয়।

ইত্তেফাক/জেডএইচ