ওবামা-মোদী আলাপ হবে হটলাইনে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সরাসরি যোগাযোগে চালু হলো নিরাপদ টেলিফোন সংযোগ বা হটলাইন। এ লাইনের মাধ্যমে দুই নেতা এবং দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি কথা বলতে পারবেন। রাশিয়া, ব্রিটেন ও চীনের পর ভারত হলো চতুর্থ দেশ, যার সঙ্গে যুক্তরাষ্ট্রের হটলাইন চালু হলো। ভারতের জন্য এটিই প্রথম রাষ্ট্রপ্রধান পর্যায়ের হটলাইন। তবে দুই নেতা এখনো এই হটলাইন ব্যবহার করেননি। খবর:এনডিটিভি।
 
মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক পিটার আর ল্যাভয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, এটি (হটলাইন) মাত্র কিছুদিন আগে স্থাপন করা হয়েছে। তবে দুই নেতা এই মাধ্যম এখনো ব্যবহার করেননি। গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বারাক ওবামা। ওই সফরের সময় এই হটলাইন চালুর সিদ্ধান্ত হয়। ল্যাভয় বলেন, হটলাইন হলো সংকটকালে যোগাযোগের একটি মাধ্যম বা ব্যবস্থা, এটি ঠান্ডা যুদ্ধের সময় সংকট নিরসনে ব্যবহার করা হয়েছিল। তবে এখন সে পরিস্থিতি নেই। তিনি আরো বলেন, এটি অত্যন্ত ঘনিষ্ঠ দুই সহযোগীর মধ্যে একটি নিরাপদ যোগাযোগমাধ্যম। এর মাধ্যমে রাষ্ট্রপ্রধান পর্যায়ে মতবিনিময় এবং প্রকৃত সমস্যাগুলো সমাধানে দৃষ্টিভঙ্গির সমন্বয় করতে পারবেন।
 

এর আগে ২০০৪ সালে ভারত ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে হটলাইন চালুর ব্যাপারে সম্মত হয়েছিল। ২০১০ সালে নয়াদিল্লি ও বেইজিং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয়। তবে এখনো চালু হয়নি। তবে এমন কথা জানা গেছে যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় ভারত ও পাকিস্তানের মধ্যে একটি হটলাইন আগে চালু হয়েছে।