আগামীকাল শুক্রবার সারাদেশে মুক্তি পাবে মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্র ‘যদি একদিন’। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান এবং কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী। এই ছবির নানা বিষয় নিয়ে লিখেছেন খালেদ আহমেদ
আমাদের সংগীতাঙ্গনে তাহসান খান জনপ্রিয় একজন শিল্পী। সংগীত ও অভিনয়—দুটোতেই তিনি সফল। তবে চলচ্চিত্রে এই প্রথমবার কাজ করেছেন। অপর দিকে এর আগেও বাংলাদেশের সিনেমা হলে দেখা গেছে কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সেটা কখনো সাফটা চুক্তিতে কলকাতার সিনেমায় কখনো বা ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিতে। তবে এবারই প্রথম বাংলাদেশের একক সিনেমায় অভিনয় করলেন তিনি। এই দুই নায়ক-নায়িকাকে নিয়ে মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন তার ক্যারিয়ারের চতুর্থ চলচ্চিত্র ‘যদি একদিন’। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে রাইসা। তাকে নিয়েই ছবির কাহিনি গড়ে উঠেছে। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার প্রমুখ। আগামীকাল সারাদেশের ৩০টি সিনেমাহলে ছবিটি মুক্তি পাবে। এই ছবির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর গল্প। ছবির গল্প একটি পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। চমত্কার গল্প নিয়ে নির্মিত এ ছবিতে প্রেম আছে, প্রেমের যন্ত্রণা আছে। পাশাপাশি সংসারের দায়িত্ববোধ, আবেগ—অনেক কিছুই আছে যা দর্শককে মুগ্ধ করবে। তাহসান ও শ্রাবন্তী জুটি করে ছবি নির্মাণ করা প্রসঙ্গে রাজ বলেন, ‘চলচ্চিত্রে এই প্রথমবার কাজ করেছেন তাহসান। আমি কেন তাকে দিয়ে কাজটি করিয়েছি, সেটা ছবিটি দেখলেই দর্শক বুঝতে পারবে। আর শ্রাবন্তীর বিষয়টি হলো, আমি যখন ছবির কাজ শুরু করি, তখনই চিন্তা করেছি বাইরে থেকে কোনো একজন নায়িকা নেব। সে চিন্তা থেকেই তাকে নেওয়া। যখন আমরা ছবির শুটিং শুরু করেছি, তখন বুঝেছি, আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আশা করি, ছবিটি দেখলে দর্শকও তা বুঝতে পারবেন।’ এদিকে ছবিটির মুক্তি উপলক্ষে প্রচারের ব্যাপক প্রস্তুতি নিয়েছে ‘যদি একদিন’ টিম। নানা আয়োজনে তারা ছবিটিকে পৌঁছে দিতে চাইছে দর্শকের কাছে। প্রচারে রয়েছেন ছবির প্রধান দুই অভিনেতা তাহসান ও তাসকিন। ছবি প্রসঙ্গে তাহসান সাংবাদিকদের বলেন, ‘একটা ভালো সিনেমা হিট হওয়া শুধু ওই সিনেমার অর্জন না, পুরো ইন্ডাস্ট্রির অর্জন। আমরা প্রচারণায় যেই কথাটি বেশি বলছি। এটা পরিবারকে নিয়ে দেখা মতো একটা সিনেমা। একজন বলছিলেন পরিবার নিয়ে দেখার মতো সিনেমা তো পরিবারে গিয়ে ছবির প্রচারণা চালান। ক্যাম্পাসে ক্যাম্পাসে কেন? আপনার আইডিয়াটা অনেক ভালো লেগেছে। সিনেমার মুক্তির আগে আমি পাঁচটা বাসায় চায়ের দাওয়াত চাই। আমি তাদের বাসায় গিয়ে প্রিমিয়ার শোয়ের কার্ড দিয়ে আসব।’ যারা তাহসানকে দাওয়াত দিতে চান, তাদের ফিল্মকাস্ট নামের পেজে প্রকাশিত ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দাওয়াত দিতে হবে। যারা তাহসানকে চায়ের দাওয়াত দেবেন, তাদের মধ্য থেকে নির্বাচিত পাঁচ জনের বাসায় যাবেন এই নায়ক। তাহসান আরও বলেন, ‘আমরা একটা পুল করেছিলাম। সেখানে দেখলাম আশি ভাগ মানুষ বলেছেন আমাকে বড় পর্দায় দেখতে চান। তাদেরকে ধন্যবাদ। আপনারা সিনেমা হলে আসবেন, অন্যদের আসতে বলবেন। যদি সিনেমাটি দেখে খারাপ লাগে, গঠনমূলক সমালোচনা করবেন। যে বিশ ভাগ ভাগ আমাকে বড় পর্দায় দেখতে চান না। তাদেরকেও ধন্যবাদ। তাদেরও বলব বড় পর্দায় গিয়ে দেখে আসুন সিনেমাটা। আমার জন্য না হয়, মোস্তফা কামাল রাজের জন্য দেখেন। এটা ওর জীবনের শ্রেষ্ঠ কাজ। আরও অনেক গুণী শিল্পী আছে সিনেমাটিতে। আমার কন্যার ভূমিকায় অভিনয় করেছে রাইসা। অসাধারণ অভিনয় করেছে সে। ওর জন্য সিনেমা হলে যান।’ ছবিটি নিয়ে আশাবাদী পরিচালক রাজ। তিনি বলেন, ‘এটি পারিবারিক গল্পের ছবি। আমি এর আগে চারটি চলচ্চিত্র নির্মাণ করেছি। সেগুলো দর্শক পছন্দও করেছে। তবে আমি মনে করি, এই ছবিটি আগের যেকোনো ছবিকে ছাড়িয়ে যাবে। অনেক ভালো একটি চলচ্চিত্র এটি। আমার আগের কাজের অভিজ্ঞতা এই ছবিতে প্রয়োগ করতে পেরেছি। আমার জীবনের বেস্ট ছবি হবে এটি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’