বানান ভুল করে নতুন বিতর্কে স্মৃতি ইরানি


চিঠিতে বানান ভুল করে নতুন বিতর্কের মুখে পড়েছেন ভারতের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। তার পক্ষ থেকে এক স্কুল শিক্ষকাকে পাঠানো শুভেচ্ছা চিঠিতে এই বানান ভুলকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এতে অস্বস্তিতে পড়েছেন স্মৃতি ইরানিসহ গোটা মন্ত্রণালয়। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

ওই চিঠিতে ‘মিনিস্টার’ এবং ‘সানসাধন’ (সম্পদ) শব্দ দু’টির ভুল বানান লেখা হয়। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রনালয়ের পক্ষ থেকে চিঠিটি পাওয়ার পরই ফেসবুকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা রিচা কুমার। সঙ্গে ভুলও ধরিয়ে দেন তিনি।

IMG0

পোস্টে রিচা বলেন, ‘‘আমাকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। গত ২০ বছর ধরে আমি শিক্ষকতা করছি। তবে একজন ভাষা শিক্ষিকা হিসাবে চিঠির লেটার হেডে লেখা ভুল বানান আমার সংবেদনশীলতাকে আঘাত করেছে। আপনি দয়া করে এই বিষয়টি নিশ্চিত হবেন যে, আপনার মন্ত্রকের কর্মীরা শিক্ষিত কিনা।’’

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই স্মৃতিকে টুইট করে ব্যঙ্গ করেন অনেকেই। স্মৃতির শিক্ষাগত যোগ্যতা নিয়েও কটাক্ষ করা শুরু হয়ে যায়।

পরিস্থিতি সামলাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চেয়েছে মন্ত্রণালয়।

 

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কোনো ভাবে ওই সিরিজের লেটারহেডে ‘মিনিস্টার’ ও ‘সনসাধন’ বানানে ভুল রয়ে গিয়েছে। তা সংশোধন করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থার কাছে এ বিষয়ে জবাবদিহিও চাওয়া হয়েছে।