মার্কিন বিমান হামলায় আইএসের উপপ্রধান নিহত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) উপ-প্রধান ফাদিল আহমাদ আল-হায়ালি নিহত হয়েছেন। হায়ালি হাজি মুতাজ নামে পরিচিত ছিলেন।
 
হোয়াইট হাউজের বরাতে বিবিসি বলেছে, আইএসের উপপ্রধান ফাদিল আহমাদ আল-হায়ালি ইরাকের উত্তরাঞ্চলে নিহত হন।
 
কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার মসুলে তার গাড়িকে লক্ষ করে হামলা চালালে তিনি নিহত হন। তার মৃত্যু আইএসের অভিযানকে ক্ষতিগ্রস্ত করবে।
 
যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিহত ওই ব্যক্তি প্রাথমিকভাবে ইরাক ও সিরিয়ার মধ্যে বড় ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, যানবাহন এবং জনগণের চলাচলের সমন্বয়ের দায়িত্ব পালন করতেন। 
 
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের নেড প্রাইস এক বিবৃতিতে জানান, গত দুই বছর ধরে আল-হায়ালি অভিযান পরিচালনার পরিকল্পনার অপরিহার্য অংশ ছিলেন। ২০১৪ সালে মসুলে অভিযানের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিলো।