রিট খারিজ আদেশের বিরুদ্ধে লতিফ সিদ্দিকীর আবেদনের শুনানি রবিবার

আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে রিটের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি কাল রবিবার।
 
বিষয়টি রবিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য ৫ নম্বরে রাখা হয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। 
 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে বিষয়টির ওপর শুনানি হবে।
 
লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বিষয়ে ইসি’র শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে আনা রিট খারিজ করে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) আদেশ দেয়। রিট খারিজ আদেশের পর আইনজীবীরা জানান, লতিফ সিদ্দিকীকে সংসদ সদস্যপদ বাতিল বিষয়ে ইসির শুনানিতে তাকে যেতে হবে। ২০ আগস্ট বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের পরপরই ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন লতিফ সিদ্দিকী।