অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদারের পরিচালনায় এই ছবিতে প্রথমবারের মতো সার্কাস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে শুরু হয়েছিল এই ছবির শুটিং। নানা কারণে এর শুটিং মাঝপথে বন্ধ ছিল। নওগাঁ ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ প্রমুখ। সম্প্রতি ছবির টিজারও প্রকাশিত হয়েছে। টিজারটি ছবির অফিশিয়াল ফেসবুক পেজ ছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। টিজারে জয়াকে সার্কাসের প্যাডেলে পারফর্ম করতে দেখা যায়। পরিচালক মাহমুদ দিদার বলেন, ‘অবশেষে ছবির শুটিং শেষ হয়েছে। শিগগিরই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। বাজেট স্বল্পতার কারণে শুটিং শেষ করতে আমাদের দেরি হয়েছে।’