নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপের ম্যানেজার বিশ্বজিৎ (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার সকাল ১১টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলী এলাকায় প্রাইভেট কার ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্বজিৎ ভেলানগর এলাকায় অবস্থিত থার্মেক্স গ্রুপের ম্যানেজার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টার দিকে বিশ্বজিৎ প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ- ৩৫১৮৫৮) করে নরসিংদীর ভেলানগর থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কারটি শিমুলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিশ্বজিৎ ঘটনাস্থলেই মারা যান। এ সময় গাড়ির চালক ও বিশ্বজিতের একজন সহকর্মী গুরুতর আহত হন। প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।
আহতদের উদ্ধার করে মাধবদী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।