অ্যাবের স্ত্রীর যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন

জাপানের সমালোচনা করলো চীন

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের স্ত্রী টোকিওর বিতর্কিত ইনুকুনি স্মৃতিসৌধ পরিদর্শন করায় চীন শুক্রবার দেশটির কঠোর সমালোচনা করে বলেছে, তাদের আগ্রাসনের ইতিহাসের বিষয়টি ‘গভীরভাবে মনে রাখা’ উচিত।

মঙ্গলবার আকি অ্যাবে টোকিও’র কেন্দ্রস্থলে স্থাপিত এ স্মৃতিসৌধ পরিদর্শন করেন। ১৯ শতকের পর থেকে জাপানের যুদ্ধে নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানাতে তারা স্মৃতিসৌধটি নির্মাণ করে। এদের মধ্যে যুদ্ধের পর গঠিত দূরপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক মিলিটারি ট্রাইবুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত এক ডজনেরও বেশী যুদ্ধাপরাধী রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, জাপান তাদের অতীতের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া মন্তব্যে তিনি বলেন, ‘জাপানের তার অতীত আগ্রাসনের ইতিহাস গভীরভাবে মনে রাখা এবং সামরিকতন্ত্র থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে এসে এশিয়ার দেশগুলোর সাথে পারস্পরিক বিশ্বাস জোরদারে সহায়তা করে এমন প্রচেষ্টা জোরদার করা উচিত।’

আকি অ্যাবে এ স্মৃতিসৌধ পরিদর্শনের পর মঙ্গলবার তার ফেসবুকে ছবি দেন।