কুষ্টিয়ায় র্যাবের হাতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আখতারুজ্জামান লাবু ও সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজকে গ্রেফতারের প্রতিবাদে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ধর্মঘট পালন করেন। শনিবার তারা শহরের এনএস সড়কের পাঁচ শতাধিক দোকান-পাট বন্ধ রাখেন।
সবুজের পারিবারিক সূত্র জানায়, গাজীপুর জেলার মাওনা এলাকার ড্রিম স্কয়ার রিসোর্ট থেকে গত শুক্রবার ভোরে র্যাব সদস্যরা আখতারুজ্জামান লাবু ও শেখ সাজ্জাদ হোসেন সবুজকে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু ঘটনার পর থেকে র্যাব সদস্যরা লাবু ও সবুজকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে আসছে। ঘটনার প্রতিবাদে দোকান-পাট বন্ধ করে দেন। তারা জানান, শেখ সাজ্জাদ হোসেন সবুজ কুষ্টিয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি কুষ্টিয়া দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি।
গত ১৫ আগষ্ট কুষ্টিয়া শহরে জাতীয় শোক দিবসের কর্মসূচি শেষে আওয়ামী লীগের বহিস্কৃত নেতা মোমিনুর রহমান গ্রুপের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে যুবলীগ কর্মী সবুজ নিহত হন। ঘটনার পর নিহত সবুজের ভাই আরিফ বাদি হয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সবুজ ও লাবুকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর থেকে সবুজ, লাবু ও বহিস্কৃত নেতা মোমিজ আত্মগোপন করেন।