মেহেরপুরে পৃথক অভিযানে অস্ত্র, গান পাউডার, গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
শনিবার দুপুর দুইটার দিকে মুজিবনগর উপজেলার যতারপুরগ্রাম থেকে এলাকার চিহ্নিত ডাকাত দলের সদস্য আব্দুল মান্নানকে দুই কেজি গান পাউডারসহ আটক করে পুলিশ। আব্দুল মান্নান উপজেলার যতারপুর গ্রামের বাসিন্দা। তিনি হত্যা, ডাকাতি ও গাড়ি পোড়ানোসহ চার মামলার আসামি।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক (এসআই) জালাল উদ্দীন জানান, মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে পলিথিন ব্যাগে এসব গান পাউডার উদ্ধার করা হয়। তাকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, এসব গান পাউডার দিয়ে বিপুল সংখ্যক বোমা তৈরি করা সম্ভব ছিল।
এদিকে রমদি গ্রামের বহুলপাড়া সড়কে র্যাব কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি উদ্ধার করে এর ভিতর অস্ত্র ও গাঁজা পাওয়া যায়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার বা সনাক্ত হয়নি।