শীর্ষে তামিম-ইমরুলের ওপেনিং জুটি

 
গেল এক বছরে ওয়ানডেতে অনেক রেকর্ড গড়েছে, আবার অনেক সাফল্যও পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু টেস্টে টাইগারদের রেকর্ড বা সাফল্য একেবারেই হাতে গোনা। এরমধ্যে বড় ফরম্যাটে একটি রেকর্ডের শীর্ষে বেশ শক্তপোক্তভাবে ঠিকই বসে আছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আর তা’হল- ২০১২ সালের পর গড়ের দিক দিয়ে এখন পর্যন্ত বিশ্বের সেরা ওপেনিং জুটি তামিম ও ইমরুল। তাদের গড় ৮৭.১১।
 
পরিসংখ্যান বলছে, ২০১২ সালের পর গড়ের দিক দিয়ে অন্তত ১০ ইনিংস ওপেনিং করা সেরা জুটি এখন তামিম-ইমরুল। ১০ ইনিংস একসাথে ওপেনিং করতে নেমে একসাথে ৭৮৪ রান করেছেন তামিম-ইমরুল। গড় ৮৭.১১। এরমধ্যে ২’বার শতরান বা তার চেয়ে বড় জুটি গড়েছেন তারা।
 
এরমধ্যে তামিম-ইমরুলের সর্বোচ্চ ওপেনিং জুটিটি ছিলো ৩১২ রানের। গত সিরিজে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের উদ্বোধনী জুটি দাঁড় করিয়ে বাংলাদেশকে নাটকীয়ভাবে ম্যাচ ড্র’র স্বাদ দেন তামিম-ইমরুল। এই ক্ষেত্রেও সবার উপরে আছেন তামিম-ইমরুল। কারণ ২০১২ সালের পর টেস্ট ক্রিকেটে কোন ওপেনিং জুটি ৩’শতাধিক রানের কোঠা স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ ২৮৯ রান করেছেন ভারতের শিখর ধাওয়ান ও মুরালি বিজয় জুটি।
 
তবে রান করার ক্ষেত্রে শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স ও ডেভিড ওয়ার্নার। জুটিতে ৪১ ইনিংস একসাথে ওপেনিং করে সবচেয়ে বেশি ২০৫৩ রান (এ্যাশেজের দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত) করে তালিকার শীর্ষে রয়েছেন তারা। তাদের গড় ৫১.৩২।
২০১২ সালের পর গড়ের দিক দিয়ে শীর্ষ পাঁচ ওপেনিং জুটি :
জুটি  ইনিংস    অপরাজিত রান  গড়  সর্বোচ্চ
তামিম ইকবাল-ইমরুল কায়েস (বাংলাদেশ)   ১০  ১   ৭৮৪ ৮৭.১১   ৩১২
নিক কম্পটন-এ্যালিষ্টার কুক (ইংল্যান্ড)  ১৭  ১   ৯২৭ ৫৭.৯৩   ২৩১
ডেভিড ওয়ার্নার-ক্রিস রজার্স (অস্ট্রেলিয়া)    ৪১  ১   ২০৫৩    ৫১.৩২   ২০০
শিখর ধাওয়ান-মুরালি বিজয় (ভারত)   ২৪  ০   ১২০৫    ৫০.২০   ২৮৯
ডেভিড ওয়ার্নার-এড কাওয়ান (অস্ট্রেলিয়া)    ২৬  ০   ১১৯৭    ৪৬.০৩   ২১৪
 

খবর বাসসের।