‘মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু ছিলেন মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মহানায়ক। তিনি বাঙালি জাতিকে দিয়ে গেছেন স্বাধীনতা। দিয়েছেন স্বাধীন-স্বার্বভৌম মানচিত্র আর শস্য-শ্যামল জমিনের উপর লাল সূর্য পতাকা।’
শনিবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ কথা বলেন।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির এ সভাপতি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ২৩ বছর ধরে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালির গণতান্ত্রিক আন্দোলনে অগ্রদূতের ভূমিকা পালন করেছেন। সমগ্রজাতির স্বপ্নকে বঙ্গবন্ধু নিজের স্বপ্ন হিসাবে ধারণ করেছিলেন। প্রতি মুহূর্তে তিনি একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখতেন। তিনি বাঙালি জাতির অহংকার।’
তিনি আরো বলেন, ‘বছরের পর বছর যৌবনের শ্রেষ্ঠ দিনগুলো বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছেন। তিনি মানুষের জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চকে বেছে নিতে কুণ্ঠিত হননি।’
এতে সভাপতিত্ব করেন পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম মন্নুজান সুফিয়ান এমপি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ ও পঞ্চানন বিশ্বাস এমপি। মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো।
এতে বক্তব্য রাখেন পরিষদ নেতা অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত কুমার বিশ্বাস, অধ্যাপক সাকেরা বানু, উপাধ্যক্ষ মো. সদরুজ্জামান, শোভা রাণী হালদার, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যক্ষ এ এম আসাদুজ্জামান, অধ্যাপক দিপংকর হালদার, অধ্যাপক এস এম মিজানুর রহমান, অধ্যাপক সুবীর কুমার রায়, অধ্যাপক পারভীন সুলতানা, অধ্যাপ উল্লাসিনী সরকার, অধ্যাপক দিপংকর টিকাদার প্রমুখ।