গাজীপুরে যুবলীগ নেতার লাশ নিয়ে মহাসড়কে মিছিল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার লাশ নিয়ে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ।
 
এর আগে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে মিলাদ ও আলোচনা সভা চলাকালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা রফিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেল ও মো. হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
 
শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার নিজ বাসভবনে নিয়ে যাওয়ার পথে নেতা-কর্মীরা এ প্রতিবাদ সভা করে। পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে তারা লাশ নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করে এবং সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ থেকে হত্যাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দেন নেতা-কর্মীরা।