শিগগিরই ফেরা হচ্ছে না বাট-আসিফের

 
স্পট ফিক্সিং করে শাস্তি পাওয়া ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফকে খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর কথা অস্বীকার করেছে পাকিস্তান। বিতর্কিত এ খেলোয়াড়দের শাস্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক কয়েক দিন আগে এমন কথা জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
 
ইংল্যান্ড সফরে ২০১০ সালে লর্ডস টেস্টে ইচ্ছাকৃত নো বল করায় নিষিদ্ধ হন সালমান বাট, মোহাম্মদ আফিস ও মোহাম্মদ আমির। অপ্রত্যাশিত হলে আমির ইতোমধ্যেই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এবং বাট ও আসিফও পুনরায় জাতীয় দলের ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ তিন খেলোয়াড় পাঁচ বছরের শাস্তির মেয়াদ কাটিয়ে আগামী ২ সেপ্টেম্বর খেলায় ফেরার সুযোগ পাচ্ছেন।
 

তবে আগামী অক্টোবরে ইংল্যান্ড এবং প্রস্তাবিত ভারত সিরিজে তাদেরকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি দৃঢ়ভাবে নাকচ করেছেন পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ। উভয় সিরিজই সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা রয়েছে। বার্তা সংস’া এএফপি’কে রশিদ বলেন, ‘পিসিবি থেকে যথাযথ নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত ক্রিকেটের কোনো পর্যায়েই তাদেরকে যুক্ত করা হবে না। তাদের ভবিষ্যত সম্পর্কে নির্বাচক কমিটি কোনো টাইম ফ্রেম বেধে দিতে পারে না।’