ফ্রান্সে ট্রেনে হামলাকারীকে পাকড়াও

 
ফ্রান্সে ট্রেনে হামলা করে তিন যাত্রীকে আহত করার পর  এক সশস্ত্র ব্যক্তিকে আটক করেছে মার্কিন নাগরিক ট্রেনের যাত্রীরা। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনেভিউ বলেন, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে আরাস শহরের কাছে একটি স্টেশনে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
 
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরগুলোতে বলা হয়, ২৬ বছর বয়সী আটককৃত যুবক মরক্কোর অধিবাসী। তার সঙ্গে একটি কালাশনিকভ, ছুরি, অটোমেটিক পিস্তল ও কার্তুজ পাওয়া যায়।
 
ফরাসি কর্তৃপক্ষ জানায়, আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে একজন গুলিতে ও অন্য দুইজন ছুরিকাঘাতে আহত হন।
 
এ দিকে ট্রেনের যাত্রীদের মধ্যে থাকা ফরাসি অভিনেতা জ্যাঁ-হিগুয়েস অ্যাঙ্গেলেড গুলির শব্দে ট্রেনের কাঁচ ভেঙ্গে লাফিয়ে পড়তে গিয়ে সামান্য আহত হয়েছেন।
 
হামলাকারীকে আটকের ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন যাত্রীদের প্রশংসা করেছেন। যাত্রীদের মধ্যে ছুটিতে থাকা দুই মার্কিন সামরিক বাহিনীর সদস্যও ছিল।
 
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, হামলাকারীকে আটক করায় বারাক ওবামা মার্কিন যাত্রীদের সাহসিকতার প্রশংসা করেছেন। এর ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে অনেক যাত্রী হয়তো প্রাণে বেঁচে গেল।
 
বেলজিয়ান প্রধানমন্ত্রী চার্লস মাইকেল ওই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।