যশোরের চৌগাছা উপজেলায় দেশের প্রথম তথ্য অধিকার ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। নাগরিকদের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে এমআরডিআই ও জাগ্রত নাগরিক কমিটি (জানাক) যৌথভাবে এই ক্যাম্পের আয়োজন করে। সিংহঝুলি ইউনিয়নের ৩০ জন সুবিধা বঞ্চিত নারী পূরুষ এ ক্যাম্পে অংশ নেবেন।
শনিবার উপজেলার সিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচদিন ব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক ড. হুমায়ন কবীর।
মোহাম্মদ ফারুক বলেন, তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রে জনগনের মালিকানা প্রতিষ্ঠিত হয়। তথ্য অধিকার ক্যাম্পের মাধ্যমে মানুষের জানার অধিকার প্রতিষ্ঠার নতুন অধ্যায়ের সূচনা হলো।
অনুষ্ঠানে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, মন্ত্রি পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) নজরুল ইসলাম খান, এমআইডিআর’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, চৌগাছা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান,নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা, যশোর জেলার সহকারী পুলিশ সুপার শহিদ আবু সরোয়ার, সিংহঝুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী কদর মোহাম্মদ সামছুজ্জামান ও বর্তমান চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু বক্তব্য রাখেন।