পাচারকারীদের হামলায় তিন সেনা এবং এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর কলম্বিয়ার সীমান্তবর্তী কয়েকটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর বিবিসির।
স্থানীয় সময় শুক্রবার মাদুরো তাচিরা প্রদেশের পাঁচটি পৌরসভায় ৬০ দিনের জন্য সামরিক আইন জারি করেন। এ ছাড়া, বৃহস্পতিবার দেয়া সীমান্ত বন্ধের ঘোষণাটিও অন্য কোনো নির্দেশ না দেয়া পর্যন্ত বৃদ্ধি করা হবে বলে তিনি জানান।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ঘোষণায় তিনি বলেন, শান্তি পুনর্স্থাপনে এই ডিক্রিটি বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষকে যথেষ্ট ক্ষমতা প্রদান করে। উল্লেখ্য, কলম্বিয়ার সীমান্তের কাছাকাছি ওইসব এলাকায় পেট্রোল ও খাদ্য পাচারকারীদের সঙ্গে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সংঘর্ষ দিন দিন বাড়ছে।
তিনি বলেন, কলম্বিয়ার আধা-সামরিক বাহিনী নিয়মিত ভেনেজুয়েলার সীমানা অতিক্রম করে এবং বিপ্লবকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিশৃঙ্খলা ও ঘাটতি তৈরি করে।
মাদুরো বলেন, ওই এলাকায় বাড়তি শক্তি জোগানোর জন্য অতিরিক্ত দেড় হাজার সেনা পাঠানো হয়েছে।