সাঙ্গাকারার বিদায়ী টেস্টের লাগাম ভারতের হাতে

 
শ্রীলংকান গ্রেট ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টের লাগাম তৃতীয় দিন শেষে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ভারতের ৩৯৩ রানের জবাবে অ্যাঞ্জেলো ম্যাথুজের ১০২ রানের কল্যাণে ৩০৬ রান করতে সক্ষম হয় শ্রীলংকা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ১ উইকেটে ৭০ রান করেছে ভারত। ফলে ৯ উইকেট হাতে নিয়ে ১৫৭ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
 
দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৪০ রান তুলেছিলো শ্রীলংকা। ফলে প্রথম ইনিংসে ভারতের রান টপকে যাওয়ার আভাস দিয়ে রেখেছিলো লংকানরা। তাই তৃতীয় দিনে সেই পথেই হাটছিলো স্বাগতিকরা। সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। তার সাথে তাল মিলিয়ে চলচ্ছিলেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে।
 
তৃতীয় দিনের সময় গড়ানোর সাথে ভারতীয় বোলারদের ওপর চড়ে বসেন থিরিমান্নে ও ম্যাথুজ। তাতে লাইন-লেন্থহীন হয়ে পড়েন ভারতীয় বোলাররা। সেই সুযোগ দলের স্কোর ২০০ শতাধিক অতিক্রমও করেন থিরিমান্নে ও ম্যাথুজ। আর স্কোর বোর্ডে ৩ উইকেটে ২২৪ রান রেখে লাঞ্চ বিরতিতে যান তারা। এ সময় দু’জনই হাফ-সেঞ্চুরি করে নিজেদের ইনিংসটাকে বড় করার পথেই ছিলেন। তবে লাঞ্চের ২২ বল পরই ছন্দপতন ঘটে শ্রীলংকার ইনিংসে। ১৮ রানের ব্যবধানে তা ঘটান ভারতের পেসার ইশান্ত শর্মা। টেস্ট ক্যারিয়ারের ৪র্থ হাফ-সেঞ্চুরি করা থিরিমান্নেকে ৬২ রানে থামিয়ে নিজের প্রথম উইকেট শিকার করেন ইশান্ত। এখানেই নিজেকে গুটিয়ে নেননি তিনি। আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ সেঞ্চুরি করা দিনেশ চান্ডিমালকে এবার ১১ রানের বেশি করতে দেননি ইশান্ত। ফলে কিছুটা চাপে পড়ে যায় শ্রীলংকা। পাশাপাশি চাপে পড়েন অন্যপ্রান্তে সেঞ্চুরির স্বপ্ন দেখতে শুরু করা ম্যাথুজ।
 
শেষ পর্যন্ত ম্যাথুজের সেই স্বপ্ন পূরণ হয়েছে। শ্রীলংকার ইনিংসের ৯৮তম ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন ম্যাথুজ। অধিনায়ক হিসেবে এটি তার পঞ্চম সেঞ্চুরি। ১৬৪ বলে তিন অংকে পা দেয়া ম্যাথুজের ইনিংসের সমাপ্তি ঘটে ১৬৭তম বল মোকাবেলা করতে গিয়ে। হরভজনের পরিবর্তে এই টেস্টে সুযোগ পাওয়া মিডিয়াম পেসার স্টুয়ার্ট বিনির বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন ম্যাথুজ। টেস্ট ক্যারিয়ারের বিনি’র প্রথম উইকেট শিকারের স্বাদ হওয়ার আগে ১২টি চারের সহায়তায় ১৬৭ বলে ১০২ রান করেন ম্যাথুজ।
 
ম্যাথুজ যখন ফিরেন তখন দলের স্কোর ৬ উইকেটে ২৮৪ রান। এরপর অবশ্য আর বেশিক্ষণ উইকেট আগলে ধরে রাখতে পারেনি শ্রীলংকার লোয়ার-অর্ডার। ৩০৬ রানেই গুটিয়ে যায় শ্রীলংকার প্রথম ইনিংস। শেষ দিকে চেষ্টা করেছিলেন জিহান মুবারক। কিন্‘ ভারতের লেগ স্পিনার অমি মিশ্র’র তৃতীয় উইকেট শিকারে ২২ রানে শেষ হয় মুবারকের ইনিংস। শেষ পর্যন্ত মোট ৪ উইকেট নিয়ে এই ইনিংসে ভারতের সেরা বোলার হয়েছেন ওই মিশ্রই।
প্রথম ইনিংস থেকে পাওয়া ৮৭ রানের লিড নিয়ে নিজের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকে ব্যক্তিগত ২ রানেই বিদায় দেন শ্রীলংকার পেসার ধাম্মিকা প্রসাদ। এরপর দলের লিডটাকে আরও বড় করার দায়িত্বটা কাঁধে তুলে নেন আরেক ওপেনার মুরালি বিজয় ও তিন নম্বরে নামা আজিঙ্কা রাহানে।
দিনের শেষ পর্যন্ত বিজয়-রাহানে দায়িত্বটা ভালোভাবেই পালন করেছেন। ফলে আর কোন উইকেট শিকারের আনন্দ করতে পারেনি শ্রীলংকার বোলাররা। দলের স্কোরটা ১ উইকেটে ৭০ রানে রেখে দিন শেষ করেন প্রথম ইনিংস বড় স্কোর করতে না পারা বিজয় ও রাহানে। বিজয় ৩৯ ও রাহানে ২৮ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে) :
ভারত প্রথম ইনিংস : ৩৯৩/১০, ১১৪ ওভার (লোকেশ রাহুল ১০৮, রোহিত শর্মা ৭৯, বিরাট কোহলি ৭৮, রঙ্গনা হেরাথ ৪/৮১)।
শ্রীলংকা প্রথম ইনিংস : ৩০৬/১০, ১০৮ ওভার (এ্যাঞ্জেলো ম্যাথুজ ১০২, লাহিরু থিরিমান্নে ৬২, কৌশল সিলভা ৫১, অমিত মিশ্র ৪/৪৩)।
ভারত দ্বিতীয় ইনিংস : ৭০/১, ২৯.২ ওভার (মুরালি বিজয় ৩৯*, আজিঙ্কা রাহানে ২৮*, ধাম্মিকা প্রসাদ ১/১২)।
 

খবর বাসসের।