নির্যাতন প্রতিহতের আন্দোলনে সক্রিয় হতে আহ্বান

 
নারী নির্যাতন ও শিশু হত্যা বন্ধ এবং সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত করার আন্দোলনে সমাজের সকল শ্রেণি ও বয়সের নাগরিককে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার বিকালে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এ আহ্বান জানানো হয়।
জোটের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত কর্মসূচি থেকেও একই আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহসভাপতি ঝুনা চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, বাংলাদেশ পথ নাট্য পরিষদের সভাপতি মান্না হিরা, ছড়াকার আসলাম সানী।