বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
শওকত মাহমুদের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, রাজধানীর রমনা থানায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের একটি মামলায় তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ আগস্ট শওকত মাহমুদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত এ আদেশ দেয়।
রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে গত ১৮ আগস্ট শওকত মাহমুদকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
যাত্রাবাড়ী থানায় গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে আনা তিনটি মামলাসহ আরো একাধিক মামলায় শওকত মাহমুদ আসামি রয়েছেন।