চট্টগ্রামের সাতকানিয়ায় জোড়া খুনের মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবিবকে (৩৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিব উপজেলার খাগরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আহমেদুর রহমান বাদশার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র উপজেলার খাগরিয়া ইউনিয়নের নতুন চর খাগরিয়া এলাকার হাবিব গ্রুপের সঙ্গে একই এলাকার মুসা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৩ ফেব্রুয়ারি সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বসতঘর ও দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। প্রায় চার ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে মুসা গ্রুপের ছাবের আহমদ (২৮) গুরুতর আহত এবং বাদশা মিয়া (৫৫) গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। ঐ দুইজনসহ আহত ২৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১৪ ফেব্রুয়ারি ছাবের আহমদ মারা যান। পরবর্তীতে বাদশা মিয়ারও মৃত্যু হয়।
এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি নিহত ছাবের আহমদের ভাই মো. সোহেল বাদী হয়ে হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি করে ২২ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে হাবিব পলাতক ছিলেন। পরবর্তীতে গত জুলাই মাসে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরী থেকে হাবিবকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম ডিবি পুলিশের এসআই আইয়ুব আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।