গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মালবাহী ট্রাকের মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে বগুড়ার শেরপুর এলাকায় ট্রাক চাপায় তিন ডাকাত আহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ১২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। রবিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর থানার মির্জাপুরে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ তাদের গ্রেফতার করেছে । এদের মধ্যে গুরুতর আহত ২জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পুলিশ হেফাজতে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জের কাটাবাড়িয়ার জাহাঙ্গীর আলম (৩৫), পাবনার দলিয়ার সুমন (৩২) এবং গাজীপুরের সুজন (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মালবোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে আসছিল। এ সময় তিন মটরসাইকেল আরোহী পিছন থেকে ট্রাকটি থামানোর সংকেত দেয়। ট্রাক চালক তাদের সংকেত উপক্ষো করলে তিন মোটর সাইকেল আরোহী ট্রাকের সামনে বেরিকেড দিয়ে নিজেদেরকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ট্রাক থামাতে বলে। চালক তাদের কথা না শুনে দ্রুত গতিতে সামনে যাওয়ার চেষ্টা করলে তিন মোটর সাইকেল আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত মোটর সাইকেল আরোহীদের উদ্ধার করার সময় তাদের প্যান্টের পকেট থেকে একটি গুলি ভর্তি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। অস্ত্রসহ তিন মোটর সাইকেল আরোহীকে গ্রেফতার করে।
শেরপুর থানার উপ-পরিদর্শক আলহাজ্ব উদ্দিন বলেন, 'ট্রাকটি আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে ট্রাকটি থামানোর চেষ্টা করা হচ্ছিল।' বগুড়ার সহকারী পুলিম সুপার (এএসপি) গাজীউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ৩জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।