আত্রাইয়ে বাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত

 
উজান থেকে নেমে আসা পানিতে নওগাঁর আত্রাইয়ে বেড়ি বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার মিরাপুর নামক স্থানে প্রায় ১০০ ফিট বাঁধ ভেঙে যায়।
 
বাঁধ ভেঙে যাওয়ায় ফুলবাড়ী, পশ্চিম মিরাপুর, মির্জাপুর, উদনপৌ, পূর্বমিরাপুর গ্রাম শত শত লোক পানিবন্দী হয়ে পড়েন। এদিকে আত্রাইয়ে পানি বৃদ্ধি পাওয়ায় আরো কয়েকটি সড়ক হুমকির মুখে রয়েছে। যেকোন সময় আরো তিনটি স্থানে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
 
জানা গেছে, গত কয়েক দিন থেকে ছোট যমুনার পানি বৃদ্ধি পেতে থাকে। এতে হঠাত্ করে রোববার মধ্য রাতে মিরাপুর নামক স্থানে বাঁধে ফাটল দেয়া। এলাকাবাসির কিছু বোঝে উঠার আগেই বাঁধ ভেঙ্গে যায়। প্রায় ১০০ ফিট ভেঙে যাওয়ায়ে ঐ পাঁচটি গ্রামের লোকজন পানি বন্দী হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। বন্যার পানিতে ২০/২৫ টি পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়াও শতশত বিঘা ধানী জমি ডুবে গেছে। পাশাপাশি সবজির খেত তলিয়ে গেছে।
 
এদিকে উপজেলার আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়ক, সুটকিগাছা-বান্দাইখাড়া সড়ক, কাশিয়াবাড়ি বেড়িবাঁধে নতুন করে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার লোকজন এবং প্রশাসন রাস্তা রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় যেকোন সময় আত্রাই-নওগাঁর সকল যোগাযোগ বিছিন্ন হয়ে যাবে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।
 
স্থানীয় শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এসএম মোয়াজ্জেম হোসেন (চান্দু) জানান, বেড়িবাঁধ ভাঙা ও আত্রাই-নওগাঁ মেইন রোড ফাটলের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
 
আত্রাই উপজেলা নির্বাহী (দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী জানান, আত্রাই-নওগাঁ আঞ্চালিক সড়ক ভাঙনের কবলে না পড়ে সে জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।