কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও মালামাল আটক করেছে বিজিবি। আটককৃত মাদকদ্রব্য রবিবার দুপুরে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি’র একাধিক টিম জেলার ভারত সীমান্তবর্তী দুর্গাপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ গাঁজা, হুইস্কি, নেশাজাতীয় ট্যাবলেট, বিয়ার, থ্রি পিছসহ বিভিন্ন মাদকদ্রব্য ও মালামাল আটক করা হয়। বিভিন্ন প্রকার সিরাপ- ৮৩০ বোতল, বিভিন্ন প্রকার ট্যাবলেট- ১৬৩২৩টি এবং ১টি সিএনজি অটোরিকশা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মূল্য ৬২ লাখ ৩০ হাজার ৯৫০ টাকা এবং এগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে।