অভিনয়ের পাশাপাশি গানেও অনন্যা

g তা হ মি না  মি লি

 

এমি রোসামের বয়স এখন ৩২ চলছে। হলিউডে এরমধ্যেই অভিনেত্রী, টেলিভিশন সিরিজ, নির্মাতা, গায়িকা, গীতিকার ইত্যাদি পরিচয়ে তার খ্যাতি ও জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে টেলিভিশন সিরিজ ‘শেমলেস’ ফিওনা চরিত্রে দুর্দান্ত অভিনয়ের কারণে তাকে চেনে সবাই। ২০০৩ সালে ‘মিস্টিক রিভার’ ছবিটি তাকে প্রথমবার পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছিল। সায়েন্স ফিকশন মুভি ‘দ্য ডে আফটার টুমোরো’য় অপূর্ব অভিনয় করে সমালোচকদের মন জয় করা এই অভিনেত্রী ‘দ্য ফ্যান্টম অব দ্য অপেরা’ মুভিতেও উন্নতমানের অভিনয় প্রমাণ দিয়েছেন বহু আগেই। এসবই ২০০৪ সালের কথা। দিনে দিনে তার অভিনয়ে আরও পরিপক্বতা এসেছে। অভিনয়ের পাশাপাশি শিল্প-সংস্কৃতির অন্যান্য শাখায় নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা চালিয়ে সফল হয়েছেন এমি রোসাম। হালে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন হলিউডি সিনেমা ‘কোল্ড পারস্যুট’। ব্ল্যাক কমেডি অ্যাকশন ধাঁচের ছবিতে এমির সঙ্গে আরও আছেন লিয়াম নেসন, লরা ডেম, উইলিয়াম ফোর্সথি, টম ব্যাটম্যান প্রমুখ। ‘কোল্ড পারস্যুট’ সিনেমার গল্পটা এমন—আপন সন্তান হত্যার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর স্নোপ্লো ড্রাইভারের বেপরোয়া লড়াই চিত্রিত হয়েছে চমত্কারভাবে। স্থানীয় মাদক সম্রাটের দুর্ধর্ষ দলের বিপক্ষে একজন পিতার যুদ্ধ দর্শকদের হূদয় ছুঁয়ে গেছে সহজেই। ২০১৪ সালের নির্মিত নরওয়ের সিনেমা ‘ইন অর্ডার টু ডিসঅ্যাপিয়ারেন্স’-এর হলিউডি রিমেক মুভি ‘কোল্ড পারস্যুট’-এর অ্যাকশন ও ডার্ক কমেডি সমালোচকদেরও উচ্চ প্রশংসা লাভ করেছে। এ মুভিতে একজন নারী ডিটেকটিভ কিমবারলি ড্যাস-এর ভূমিকায় অপূর্ব অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন এমি রোসাম। নিউ ইয়র্ক সিটিতে তার জন্ম। সিঙ্গেল মাদার চেরিল রোসামের একমাত্র সন্তান তিনি। তার মা ছিলেন একজন ফটোগ্রাফার। শিশুকাল থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাকে ক্রমেই এ জগতের বাসিন্দা হতে অনুপ্রাণিত করেছে। বিভিন্ন অপেরাতে শিশু শিল্পী হিসেবে গাইতেন, বিনিময়ে সামান্য হলেও অর্থ পেতেন। এভাবে অপেরা গায়িকা হিসেবে তার অভিজ্ঞতা বাড়তে থাকে। ছয়টি ভাষায় ২০টি অপেরাতে গেয়েছেন এমি রোসাম। ম্যানহাটনের স্পেন্স স্কুলে পড়াশোনা করেছেন। টেলিভিশন দিয়ে অভিনয় শুরু। ‘এজ দ্য ওয়ার্ল্ড টার্নস’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘অ্যা উইল অব দেয়ার ওন’, ‘স্নুপস’, ‘জিনিয়াস’, ‘দ্য অন্ড্রে হেপবার্ন স্টোরি’, ‘দ্য প্র্যাকটিস’, ‘শেমলেস’, ‘অ্যানিম্যাল কিংডম’ সিরিজ এবং ফিল্মে অভিনয়ের সুবাদে ছোট পর্দায় আলাদা একটি অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। হলিউডে শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করলেও বড় চরিত্রে অভিনয়ের সুযোগ এসে যায় তার মেধা ও যোগ্যতা গুণে। বড় পর্দায় তার উপস্থিতি ক্রমেই গুরুত্বপূর্ণও হয়ে ওঠে। ‘মিস্টিক রিভার’, ‘দ্য ডে আফটার টুমেরো’, ‘দ্য ফ্যান্টম অব দ্য অপেরা’, ‘পসেইডন’, ‘ড্রাগনবল’, ‘ইভোল্যুশন’, ‘ডেয়ার’, ‘ইনসাইড’, ‘বিউটিফুল ক্রিয়েচারস’, ‘বিফোর আই ডিজঅ্যাপিয়ার’, ‘কমেট’, ‘ইউ আর নট ইউ’, ‘অ্যা ফিউটাইল অ্যান্ড স্টুপিড গেস্টাচার’ প্রভৃতি হলিউডি সিনেমায় এমির চমত্কার পারফর্ম্যান্স বারবার প্রশংসা লাভ করেছে সমালোচকদের। অভিনয়ের পাশাপাশি গানেও নিজের পারঙ্গমতার প্রমাণ দিয়েছেন এমি রোসাম।