কালিয়াকৈরে আধা বেলা হরতাল পালন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আধা বেলা হরতাল পালন হয়েছে।
 
যুবলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের আহ্বানে রবিবার  সকাল ছয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন হয়। এ সময় এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কালিয়াকৈর টার্মিনাল থেকে কোন যানবাহন চলাচল করেনি। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যথারীতি দূরপাল্লার যানবাহন চলাচল করেছে। হরতালের সমথর্নে সকাল থেকেই বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক কালিয়াকৈর বাসস্টেশন এলাকায়  উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয় । হরতাল শেষে কালিয়াকৈর বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
 
উল্লেখ্য, শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে মিলাদ ও আলোচনা সভা চলাকালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা রফিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেল ও মো. হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।